দিল্লিতে বিক্ষোভ ঘিরে ৩ হাজার ৩০০ জন আটক, নেতৃত্বে অজিঙ্কা শিন্দে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ৩ হাজার ৩০০ জন আটক, নেতৃত্বে অজিঙ্কা শিন্দে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০২, ১০ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০০ জনের বেশি মানুষকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু–এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিক্ষোভকারীরা যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে বাসে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যায়। বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং বসানো হয়েছে ব্যারিকেড। এ সময় বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে ভারতের সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়।

অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগ
ককরোচ জনতা পার্টি (সিজেপি) অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার পথে লোকজনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কঠোর ব্যারিকেড দেওয়া সড়ক দিয়ে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে একটি বাসকে যেতে দেখা যায় বলে জানিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠন এ বিক্ষোভের ডাক দিয়েছে।

কর্মসূচির অনুমতি না দেওয়ায় যন্তর মন্তর ও আশপাশের এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ, কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ এবং দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।

এর আগে দিল্লিতে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাসকে আটক করা হয়। ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রাম থেকে আটক করেছে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভের নেতৃত্বে অজিঙ্কা শিন্দে
দলের শীর্ষ নেতারা আটক হলেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্দেকে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকা পর্যন্ত অজিঙ্কা শিন্দে যন্তর মন্তরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন।

দলটি আরও জানিয়েছে, সম্ভাব্য আটকের আশঙ্কায় অজিঙ্কা শিন্দে আগের রাতেই একটি ভিডিও ধারণ করে রেখেছিলেন। নেতাদের আটক করার পরও আন্দোলন অব্যাহত রাখতে তরুণ ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুনঃ
Advertisement