তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াত আমির শফিকুর রহমান

তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াত আমির শফিকুর রহমান বিমানবন্দরে জামায়াত আমিরকে স্বাগত জানান দলটির নেতারা। ছবি: জায়ায়াত ইসলামীর ফেসবুক পেজ থেকে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ১১ অক্টোবর ২০২৬

তুরস্ক সফর ও সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরের অংশ হিসেবে ৮ অক্টোবর তিনি তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন। এ সময় পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৯ অক্টোবর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। এতে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতে তা আরও এগিয়ে যাবে।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন জামায়াত আমির। এরপর রোববার সকালে তিনি দেশে ফেরেন।

শেয়ার করুনঃ
Advertisement