হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ৬

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ৬ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:২৯, ২ নভেম্বর ২০২৬

হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ছুটির দিনগুলোতে বিনোদনকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জনসমাগমস্থলের আশপাশে এসব হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। একাধিক অঙ্গরাজ্যে সংঘটিত এসব ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে পৃথক কয়েকটি গোলাগুলিতে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চালানোর পাশাপাশি সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, আলাবামার বার্মিংহামে ঐতিহ্যবাহী ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও আটজন আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেলাওয়্যারে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ইলিনয়ের ব্লুমিংটনে গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরকানসাসের ফেয়েটভিলেও ভোরের দিকে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধ হন।

এর আগের দিন শুক্রবার (৩০ অক্টোবর) ক্যালিফোর্নিয়া ও মিশিগানের ‘স্পিরিট হ্যালোইন’ স্টোরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে হামলায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। অন্যদিকে, মিশিগানে প্রাণ হারান ২১ বছর বয়সী এক তরুণ।

শেয়ার করুনঃ
Advertisement