বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১
Published : ১৭:৩৭, ২৮ আগস্ট ২০২৪
বাংলাদেশের ১১ জেলায় চলমান বন্যায় আরো ৪ ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলমান বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (দুপুর ১টা পর্যন্ত)।
প্রতিবেদনে জানানো হয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের ১১টি জেলা আকস্মিক বন্যার কবলে পড়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। বন্যায় এসব জেলার ৭৩টি উপজেলা এবং ৫২৮টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যা কবলিত ১১টি জেলায় মোট ১২ লাখ ২হাজার ৫৫৪ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪। এ পর্যন্ত ৩১ জন মারা গেছেন, যাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সর্বোচ্চ ১২ জন।
এছাড়া ফেনীতে ২ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন মারা গেছেন এখন পর্যন্ত।
প্রসঙ্গত, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং তাতে আশ্রয় নিয়েছেন মোট ৫ লাখ ৪০ হাজার ৫১০ জন লোক। সেইসঙ্গে কেন্দ্রগুলোতে ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশু আশ্রয় পেয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬১৯টি মেডিকেল টিম চালু রয়েছে।
বিডি/এন
































