গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও তানজিলা খানম
Published : ১৪:৫৮, ৩ জুন ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ তানজিলা খানম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে গত ১ জুন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনরত মিজ তানজিলা খানমকে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তানজিলা খানম দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক দক্ষতা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণের কারণে তিনি সরকারি মহলে সুপরিচিত। শিক্ষা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এ নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাজীপুর সিটি করপোরেশন দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশন। শিল্পনগরী হিসেবে পরিচিত এ নগরীতে প্রতিদিন লাখো মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে হয়। দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর ব্যবস্থাপনায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সিটি করপোরেশনকে।
বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, সড়ক উন্নয়ন এবং স্মার্ট সিটি কার্যক্রম বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ খাতে কার্যকর প্রশাসনিক নেতৃত্বের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এসব ক্ষেত্রে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, তানজিলা খানমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং নীতি-নির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতা গাজীপুর সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে নাগরিক সেবা আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।


































