এশিয়া-প্যাসিফিকের ১১তম সৃজনশীল স্বাধীন এজেন্সি হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশের পপফাইভ
Published : ০২:৩০, ৪ জুন ২০২৬
বাংলাদেশের সৃজনশীল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হিসেবে বিশ্বখ্যাত সৃজনশীলতা মূল্যায়ন প্ল্যাটফর্ম দ্যা ওয়ান ক্লাব ফর ক্রিয়েটিভিটি -এর প্রকাশিত দ্য ওয়ান শো গ্লোবাল ক্রিয়েটিভিটি রেঙ্কিংস -এ বাংলাদেশের স্বাধীন ক্রিয়েটিভ এজেন্সি পপফাইভ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১১তম সর্বাধিক সৃজনশীল স্বাধীন (ইন্ডিপেন্ডেন্ট ) এজেন্সি হিসেবে স্থান অর্জন করেছে।
এই স্বীকৃতি শুধু পপফাইভ-এর জন্য নয়, বাংলাদেশের বিজ্ঞাপন, ব্র্যান্ড কমিউনিকেশন এবং সৃজনশীল শিল্পের জন্যও একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক মানের সৃজনশীল কাজ, উদ্ভাবনী চিন্তাধারা এবং প্রভাবশালী ব্র্যান্ড ক্যাম্পেইনের মাধ্যমে পপফাইভ এই অবস্থান অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন বাংলাদেশের সৃজনশীল শিল্পকে বৈশ্বিক মানচিত্রে আরও দৃশ্যমান করে তুলেছে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, আন্তর্জাতিক মানের ধারণা, কৌশল ও সৃজনশীল কাজ বাংলাদেশ থেকেই বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে পারে।
পপফাইভ-এর কর্মকর্তারা বলেন, এ স্বীকৃতি তাদের দীর্ঘদিনের নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তা এবং ক্লায়েন্টদের সঙ্গে যৌথভাবে কাজ করার ফল। তারা বিশেষভাবে তাদের ক্লায়েন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নতুন নতুন সৃজনশীল সম্ভাবনার পথ তৈরি করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, "দ্য ওয়ান শো"-এর মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই অবস্থান অর্জন বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি, বিজ্ঞাপন শিল্প এবং ব্র্যান্ড কমিউনিকেশন খাতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সৃজনশীল কাজের মাধ্যমে বাংলাদেশি এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং পপফাইভ-এর এই অর্জন ভবিষ্যতে দেশের অন্যান্য সৃজনশীল প্রতিষ্ঠানকেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে উৎসাহিত করবে।


































