শিরোনাম: জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার
Published : ০১:২৯, ৪ জুন ২০২৬
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা অর্জনে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি শুধু একটি প্রশাসনিক নিয়ম নয়; বরং এটি সংসদ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের কার্যকর হাতিয়ার। আইন প্রণয়ন, প্রস্তাব উত্থাপন এবং বিল পর্যালোচনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কার্যপ্রণালী বিধি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা অপরিহার্য।
তিনি আরও বলেন, সংসদের মূল দায়িত্ব তিনটি—আইন প্রণয়ন, জাতীয় বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা। এসব দায়িত্ব সফলভাবে বাস্তবায়নের মাধ্যমেই সংসদ জনগণের প্রতিনিধি হিসেবে তার সাংবিধানিক ভূমিকা পালন করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি কার্যকর সংসদ কেবল সরকারি দলের ওপর নির্ভর করে না; বরং গঠনমূলক বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ এবং সংসদীয় রীতি-নীতি অনুসরণের মাধ্যমেই গণতান্ত্রিক চর্চা সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যপ্রণালী বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে তারা জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করবেন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, একজন সংসদ সদস্যকে নিজ এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করার পাশাপাশি সংসদে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এজন্য সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের অর্থে পরিচালিত সংসদের প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা।
দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্বে বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।































