বাড়লো বিদ্যুতের দাম, নতুন মূল্য কার্যকর ১ জুন থেকে
Published : ১৯:১২, ৩ জুন ২০২৬
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করে সংস্থাটি। নতুন এই দাম চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে।
এছাড়া বিদ্যুতের সঞ্চালন চার্জও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ইউনিট সঞ্চালন চার্জ ০.৩১৩৫ টাকা থেকে বাড়িয়ে ০.৩৮৮৬ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে যেখানে সঞ্চালন ব্যয় ছিল প্রায় ৩১ পয়সা, এখন তা বেড়ে প্রায় ৩৯ পয়সা হয়েছে। এই খাতে বৃদ্ধি হয়েছে প্রায় ২৩ দশমিক ৯৬ শতাংশ।
বিদ্যুতের একমাত্র সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এর আগে প্রতি ইউনিট সঞ্চালন চার্জ ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.২০ টাকা থেকে ১.৫০ টাকা পর্যন্ত বাড়ানোর আবেদন করেছিল।
এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সরকারের নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়। একই সময়ে গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম ৮.৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।
নতুন মূল্য কার্যকরের ফলে শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের খরচ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ মোকাবিলা এবং উৎপাদন ও সঞ্চালন ব্যয় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



































