জানুয়ারি মাস শেষ হতে আর একদিন বাকি। আগামীকাল (৩১ জানুয়ারি) বিদায় নিচ্ছে বছরের প্রথম মাসটি। নতুন মাস ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে একটি সুখবর নিয়ে।
ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। একই সুবিধা পেতে পারেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরাও।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর সঙ্গে যদি কেউ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিন ছুটি নেন, তাহলে মিলবে টানা চার দিনের অবকাশ। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ মাত্র একদিন ছুটি ম্যানেজ করলেই টানা চার দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারে।
এ ছাড়া ধর্মীয় ও ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে—মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পাঁচ দিন, হিন্দুদের জন্য নয় দিন, খ্রিস্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি।

































