নির্ধারিত মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী বলেন, আইন অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হলে ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে কি না, বিশেষ করে দলীয় প্রতীকের প্রশ্নে, তা সংসদীয় আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।
তিনি আরও স্পষ্ট করে জানান, আপাতত পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা মাঠপর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা রাখেন।
এ কারণেই অনেক ক্ষেত্রে তাদের দায়িত্ব দেওয়া হলে তারা সরকারি কর্মকর্তাদের তুলনায় আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন—এমন বিবেচনা থেকেই নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সিটি করপোরেশনগুলোর প্রশাসকরা তাদের যোগদানপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন এবং দায়িত্ব গ্রহণ করেন।

































