যমুনায় উঠছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় উঠছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সচিবালয়ে সহজ যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে স্থানটি উপযোগী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে যমুনা ভবনে সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অবস্থান করছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি যমুনা ত্যাগ করবেন।

এরই মধ্যে সরকারি আবাসন পরিদপ্তর বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আবাসন সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গত সোমবার গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী যমুনায় বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টা চলতি মাসের মধ্যেই বাসভবন ছাড়বেন। পরবর্তীতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ শেষ হলে প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন।

অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সরকারি বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন এলাকা ও শেরেবাংলা নগরের কয়েকটি স্থাপনা পরিদর্শন করা হয়েছিল। তবে সময়স্বল্পতা এবং অন্যান্য বাস্তব কারণে ওই দুটি বিকল্প আর চূড়ান্ত বিবেচনায় রাখা হয়নি বলে গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি আবদুল গণি রোডের সচিবালয় এবং তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন। যমুনায় স্থানান্তর সম্পন্ন হলে তার দাপ্তরিক কার্যক্রম আরও সমন্বিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement