যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রী যা বললেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রী যা বললেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছিল, তার প্রতিটি ধারা দেশের স্বার্থের দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষার জন্য কোনো তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ বা শুল্ক নীতি বর্তমানে এখনও বিকাশমান।

শুনা যাচ্ছে, তারা সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ প্রবর্তনের কথা ভাবছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নথি তাদের হাতে পৌঁছায়নি। আগে নির্দিষ্ট দেশভেদে রিসিপ্রোকাল ট্যারিফের হার ১৯ শতাংশ পর্যন্ত ছিল। নতুন ১৫ শতাংশের ট্যারিফ সব দেশের জন্য অভিন্ন হবে।

মন্ত্রী বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তি ছিল। যেহেতু পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, তাই দেশের স্বার্থে এখনই কোনো মন্তব্য না করাই শ্রেয়।

চুক্তির সব ধারা আমাদের পক্ষে বা বিপক্ষে হবে না, সেগুলো বিচার-বিশ্লেষণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি সাংবাদিকদেরও অনুরোধ করেন, এই বিষয়ে অতিরিক্ত মন্তব্যের জন্য জোরাজুরি না করতে এবং জাতীয় স্বার্থে সতর্ক অবস্থান বজায় রাখতে।

দেশের বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যে পণ্যগুলো এনে বাজারে সরবরাহ করে, সেগুলোর দাম নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।

লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধির উদাহরণ টেনে তিনি বলেন, ৪০-৫০ টাকার লেবু হঠাৎ ১২০ টাকায় যাওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না, কোনো সরবরাহ সংকটও ছিল না। তিন দিনের মধ্যে দাম আবার ৪০ টাকায় নেমে এসেছে, যা প্রমাণ করে কিছু মানুষ কেবল শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন।

চাঁদাবাজি বন্ধে সরকার শুধু আশ্বাসই দেবে না, বরং বাস্তবে তা কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বিষয়ে সরাসরি নজরদারি থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া সম্প্রতি টিসিবি থেকে পণ্য কিনতে গিয়ে হুড়োহুড়িতে দুজন নারীর পড়ার ঘটনায় তিনি মন্তব্য করেন, এটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং পণ্য বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে ডিলারদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement