ডিএমপি কমিশনার হলেন মো. সরওয়ার
Published : ২২:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকারের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণ’ উল্লেখ করে তার পদত্যাগপত্র জমা দেন।
যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বহাল থাকার কথা ছিল। পদত্যাগ গ্রহণের পর কমিশনার পদটি শূন্য হওয়ায় অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী অতীতে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়, ২০১৬ সালের নভেম্বরে তিনি চাকরিচ্যুত হন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে।
পুনর্বহালের পর তিনি আবারও প্রশাসনিক দায়িত্বে সক্রিয় হন এবং ২০২৪ সালের ২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সর্বশেষ পদত্যাগের প্রেক্ষিতে নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিডি/এএন































