দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন নেপথ্যের কারণ কী?
Published : ১৮:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে অনুষ্ঠিতব্য চলমান বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এক অনভিপ্রেত ঘটনা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ওঠা স্লোগানে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে তেড়ে যান জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যাট হাতে ক্রিজে থাকার সময় গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে ‘দালাল-দালাল’ বলে স্লোগান দেওয়া হয়। এমন কটূক্তি শুনে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি মিঠুন।
একপর্যায়ে তিনি ব্যাটিং থামিয়ে সীমানা দড়ি পেরিয়ে গ্যালারির দিকে এগিয়ে যান এবং দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ঘটনাটি মুহূর্তেই মাঠে উত্তেজনার সৃষ্টি করে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি আবারও হাসিমুখে মাঠে ফিরে এসে ইনিংস চালিয়ে যান।
এর আগে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এও কয়েকজন ক্রিকেটার একই ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। বিপিএলের একটি বহুল আলোচিত ম্যাচ বয়কট প্রসঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মন্তব্য করায় সমালোচনায় পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এম নাজমুল ইসলাম।
খেলোয়াড়দের আপত্তির মুখে তাকে শোকজ করা হয় এবং সাময়িকভাবে দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে আবারও একই পদে পুনর্বহাল করে।
এদিনের ম্যাচে অবশ্য ব্যাট হাতে দায়িত্বশীল ও লড়াকু ইনিংস উপহার দেন মিঠুন। টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়।
দলের হয়ে ৭৯ বল মোকাবিলা করে অপরাজিত ৫৫ রান করেন তিনি। তবে তার এই সংগ্রামী ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উত্তরাঞ্চল ৬ উইকেট হাতে রেখেই সহজেই ম্যাচ জিতে নেয়।
বিডি/এএন

































