বিএনপি’র দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা
Published : ১৯:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায় দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দলটি।
নির্বাচন ফলাফলে জনগণের সমর্থন ও আস্থার প্রতিফলন ঘটেছে উল্লেখ করে বিএনপি এ বিজয়কে জনগণের রায়ের বিজয় হিসেবে অভিহিত করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে। দলীয়ভাবে এ কর্মসূচি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা।
পাশাপাশি নতুন সরকারের পথচলায় দেশ ও জাতির সার্বিক কল্যাণ, স্থিতিশীলতা এবং উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ মোনাজাত করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে আয়োজিত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডি/এএন

































