মুসলিম সতীর্থদের ইফতার করাতে ইনজুরির অভিনয় করলেন খ্রিষ্টান ফুটবলার
Published : ০১:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Ligue 1-এ গত রোববার FC Nantes ও Le Havre AC-এর মধ্যকার ম্যাচে মানবিক এক ঘটনার জন্ম দেন নঁতের খ্রিষ্টান গোলরক্ষক Anthony Lopes। মুসলিম সতীর্থদের রোজা ভাঙার সুযোগ করে দিতে তিনি ইচ্ছাকৃতভাবে চোট পাওয়ার ভান করেন বলে জানা গেছে।
ম্যাচের ৭৪তম মিনিটে সূর্যাস্তের সময় ঘনিয়ে এলে, যা ইফতারের নির্ধারিত মুহূর্ত, লোপেজ হঠাৎ হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন এমন ভঙ্গিতে মাটিতে বসে পড়েন। এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। এই সংক্ষিপ্ত বিরতির সুযোগে নঁতের মুসলিম খেলোয়াড়রা দ্রুত পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন।
ফরাসি লিগের প্রচলিত নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণ দেখিয়ে ম্যাচ থামানোর সুযোগ নেই। ফলে আনুষ্ঠানিকভাবে বিরতি নেওয়া সম্ভব না হওয়ায় লোপেজকে এমন কৌশল অবলম্বন করতে হয়েছে বলে বিদেশি গণমাধ্যম জানিয়েছে। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অল্প সময় পর তিনি আবার খেলায় ফিরে আসেন এবং ম্যাচ স্বাভাবিকভাবে চলতে থাকে।
ফরাসি ফুটবলের নিয়মে ধর্মীয় আচার পালনের জন্য খেলা থামানোর অনুমতি না থাকলেও অন্যান্য কিছু প্রতিযোগিতায় ভিন্ন চিত্র দেখা যায়। যেমন Premier League-এ ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে রেফারিরা সংক্ষিপ্ত বিরতির অনুমতি দিয়ে আসছেন।
ম্যাচের ফলাফলে নঁতে ২-০ গোলের জয় পায়। তবে ২৩ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন জোনের ১৭তম স্থানে রয়েছে। অন্যদিকে ২৬ পয়েন্ট সংগ্রহ করে লে হাভরে অবস্থান করছে ১৩তম স্থানে।
বিডি/এএন

































