মার্চ পর্যন্ত বাড়ছে আয়কর রিটার্ন জমার সময়
Published : ২০:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি অর্থবছরে চতুর্থবারের মতো সময় বৃদ্ধি করা হলো। এর আগে টানা তিন দফায় এক মাস করে সময় বাড়ানো হয়েছিল, যার সর্বশেষ মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২৮ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে রিটার্ন দাখিলের সময় পুনরায় বাড়ানোর সিদ্ধান্ত জানায়। সংশ্লিষ্ট আদেশে বলা হয়, করদাতাদের সুবিধা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত সংখ্যক করদাতা রিটার্ন দাখিল না করায় কর্তৃপক্ষ সময়সীমা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের নির্দিষ্ট অঙ্কের জরিমানা পরিশোধ করতে হয়। পাশাপাশি তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত ও সুবিধা থেকেও বঞ্চিত হন। তাই নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডি/এএন

































