বাংলাদেশ–পাকিস্তান সিরিজের আম্পায়ার নির্ধারণ
Published : ১৯:১৫, ৯ মার্চ ২০২৬
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। ওই দিনের খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৫ মার্চ।
পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা এবং বাংলাদেশের গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।
১৩ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। তার সঙ্গে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোরশেদ আলী খান।
বাংলাদেশ-পাকিস্তান এই ওয়ানডে সিরিজকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে।
বিডি/এএন


































