বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহযোগিতা দিতে আগ্রহী সিঙ্গাপুর
Published : ১৬:৫৫, ১৯ মে ২০২৬
বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ইউ-ৎসে এ আগ্রহ প্রকাশ করেন বলে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার জানান, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ বাংলাদেশের বিমানবন্দর কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এপিআইএস এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন প্রকল্পে কাজ করতে আগ্রহী।
বৈঠকে দুই দেশ বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানাম বাংলাদেশের বিমান পরিবহন খাতের ধারাবাহিক উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।
সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলের আওতায় পর্যটন উন্নয়ন খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
































