নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৬, ১৯ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে জাতীয় সমন্বয় কমিটি’ গঠন করেছে সরকার।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা জোরদারে সরকার কমিটিটি পুনর্গঠন করেছে। এতে প্রধানমন্ত্রীকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে সহ-সভাপতি করা হয়েছে। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, এনটিএমসি মহাপরিচালক, র‌্যাব মহাপরিচালক এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি।

এছাড়া সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে থাকবেন সিআইডির অতিরিক্ত আইজিপি, স্পেশাল সিকিউরিটি ইউনিটের অতিরিক্ত আইজিপি এবং বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা। প্রয়োজন অনুযায়ী তিনি সভায় অংশ নেবেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।

কমিটির সহায়ক সদস্য হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তাও দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ, সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, দেশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করবে কমিটি।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, প্রচলিত আইন ও বিধি-বিধান পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধন বা নতুন আইন প্রণয়নের সুপারিশ করাও কমিটির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

কমিটি প্রয়োজন অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্র নিয়মিত তদারকি করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিশ্চিত করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে সশস্ত্র বাহিনী বা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রধান কিংবা কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের জন্য কো-অপ্ট করা যাবে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) কমিটির সচিবালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সহায়তা দেবে। তবে সভাপতির নির্দেশে ভবিষ্যতে অন্য কোনো গোয়েন্দা বা আইন-শৃঙ্খলা সংস্থাও নির্ধারিত মেয়াদে সচিবালয়ের দায়িত্ব পালন করতে পারবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৩০ এপ্রিল ২০২৬ তারিখের স্মারকের ধারাবাহিকতায় এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুনঃ
Advertisement