খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী
Published : ১৭:২৬, ২৩ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান জানান, বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। বর্তমানে প্রধানমন্ত্রী ময়মনসিংহের পথে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুরে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
পরে দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এর এটি ত্রিশালে প্রথম সফর।
































