ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ: আতিকুর রহমান রুমন

ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ: আতিকুর রহমান রুমন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩৮, ২৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তি আক্রোশ, আক্রমণ কিংবা মানুষের চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এগুলো অপরাধের শামিল।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আতিকুর রহমান রুমন বলেন, সাম্প্রতিক সময়ে একটি ঘটনায় দেখা গেছে—এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন করে তাকে তাচ্ছিল্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মানসূচক ভাষায় কথা বলা উচিত, যা ওই কিশোরীর মধ্যে দেখা যায়নি। এটি সামাজিক অবক্ষয়ের প্রতিফলন।

তিনি বলেন, এ ধরনের ভাষা ও আচরণ ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সন্তানদের শিষ্টাচার ও সম্মানজনক ভাষা ব্যবহারের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে দেখা উচিত।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
 

শেয়ার করুনঃ
Advertisement