ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা
Published : ০৩:৩৪, ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে।
ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে এবং জাতীয় গ্রিডে সরবরাহ সচল রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। তিনি জানান, ঈদে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত উৎপাদনের সক্ষমতাও প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সব বিতরণ কোম্পানির সঙ্গে অনলাইন বৈঠকের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টিতে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে এবং প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি দল মাঠপর্যায়ে প্রস্তুত থাকবে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
































