তালাত মামুনের নেতৃত্বে আসছে নতুন স্যাটেলাইট চ্যানেল ‘লাইভ টিভি’
Published : ১৯:৫৭, ২৭ মে ২০২৬
বিশিষ্ট সাংবাদিক তালাত মামুন-এর নেতৃত্বে দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন লাইভ টিভি। সম্প্রচারে আসার জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন ইতোমধ্যে পেয়েছে চ্যানেলটি। বর্তমানে চলছে সম্প্রচার শুরুর প্রস্তুতি।
সম্প্রচারে এলে এটি হবে দেশের ৪৩তম স্যাটেলাইট টেলিভিশন এবং সংবাদভিত্তিক ১১তম টিভি চ্যানেল। বর্তমানে অনুমোদিত ৫৯টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ৪২টি সম্প্রচারে রয়েছে, যার মধ্যে চারটি সরকারি চ্যানেল।
জানা গেছে, মিনার্ভা মিডিয়া লিমিটেড-এর একটি উদ্যোগ হিসেবে ‘লাইভ টিভি’ যাত্রা শুরু করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন তালাত মামুন। এর আগে তিনি চ্যানেল টোয়েন্টিফোর-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চ্যানেলটির প্রধান কার্যালয় রাজধানীর মিডিয়াপাড়া হিসেবে পরিচিত কারওয়ান বাজারসংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুলশানে একটি ক্যাম্প অফিসের মাধ্যমে প্রাথমিক কার্যক্রম ও প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্যাটেলাইট সম্প্রচারের আগে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। রুচিশীল ও নির্ভরযোগ্য সংবাদ ও কনটেন্ট উপস্থাপনের লক্ষ্য নিয়ে খুব শিগগিরই অনলাইন, টেলিভিশন ও সারা দেশের প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বর্তমানে দেশের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে সময় টিভি, একাত্তর টিভি, যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ডিবিসি নিউজ এবং এখন টিভি উল্লেখযোগ্য।
সবশেষ সংবাদভিত্তিক টেলিভিশন হিসেবে স্টার নিউজ চলতি বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।
































