মেট্রোরেল এলাকার নিচে পশুর হাট বসানোর অনুমতি নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Published : ০১:২৭, ২৮ মে ২০২৬
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা আশপাশের সড়কে পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ উত্তরা দিয়াবাড়ির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক ভারি বৃষ্টির সময় কিছু ব্যবসায়ী সাময়িকভাবে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে প্রশাসনের উদ্যোগে তাদের নির্ধারিত হাট এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, মেট্রোরেল এলাকার ভেতরে বা সংলগ্ন কোনো সড়কে পশু কেনাবেচার অনুমতি নেই এবং বর্তমানে সেখানে কোনো হাট কার্যক্রমও চলছে না।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। বাস্তবে প্রশাসন শুরু থেকেই অননুমোদিত হাটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক এলাকায় দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সীমানার বাইরে কোনো হাট বসতে দেওয়া হবে না।
তিনি জানান, সড়কে কিছু পশু উঠে আসায় কয়েকটি স্থান নোংরা হয়ে পড়েছিল। তবে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী অস্থায়ীভাবে সেখানে অবস্থান নিলেও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দিয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেল সংলগ্ন এলাকা কখনোই হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। যারা সেখানে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
































