বাবা-মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ২০:২৮, ২৮ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকো-এর কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর সকাল ৮টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত বাবা-মায়ের সমাধিস্থলে যান। সেখানে তারা কিছু সময় একান্তে অবস্থান করেন এবং পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দলের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর।
পরে প্রধানমন্ত্রী বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরেও যান। সেখানে তিনি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। ঈদের এই দিনে পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করতে প্রধানমন্ত্রীর এই কবর জিয়ারতকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
































