সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার আশাবাদ প্রধানমন্ত্রীর
Published : ২০:৪১, ২৮ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায়, সেই রাষ্ট্র গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার ঈদুল আযহা উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা, সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হলেও এখন তাঁর মূল লক্ষ্য দেশকে উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নেওয়া।
অনুষ্ঠানে তিনি ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে আল্লাহর কাছে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, দায়িত্ববোধ ও আত্মত্যাগের মাধ্যমেই একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ঈদের সময় পরিবার থেকে দূরে থেকে দায়িত্ব পালন করা সহজ নয়। দেশের নিরাপত্তার জন্য তাদের এই ত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সম্প্রতি রাজধানীতে একটি অগ্নিকাণ্ডে সাংবাদিকদের উদ্ধার করার ঘটনায় সেনাসদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, মানুষের জীবন রক্ষা ও দেশের প্রয়োজনে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর শৈশবের নানা স্মৃতিচারণও করেন। ঢাকা সেনানিবাস এলাকায় বেড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার সঙ্গে তাঁর জীবনের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে।
পরে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।
































