বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
Published : ০১:৫৯, ২৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আযহার দিন বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন। এ সময় তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে পৌঁছান। প্রথমে তিনি তাঁর শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান–এর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিস্থলে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ওই ঘটনায় মোট ৭৪ জন প্রাণ হারান। নিহত সেনা কর্মকর্তাদের অধিকাংশকেই বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
































