চামড়া শিল্প স্থানান্তর প্রক্রিয়ায় ছিল ত্রুটি : বাণিজ্য ও শিল্পমন্ত্রী
Published : ০১:২৩, ৩০ মে ২০২৬
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হরিণধরায় চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল, তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় নানা ত্রুটি ছিল।
শুক্রবার সাভারের বিসিক চামড়া শিল্প নগরী এলাকায় সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, বর্জ্য শোধনাগারটির দৈনিক প্রক্রিয়াকরণ সক্ষমতা ২৫ হাজার কিউবিক মিটার হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তবে বর্তমানে এর কার্যকারিতা বাড়াতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, শিল্প স্থানান্তরের সময় অনেক ট্যানারি বন্ধ হয়ে যায় অথবা সীমিত পরিসরে কার্যক্রম চালাতে বাধ্য হয়। এর ফলে অনেক প্রতিষ্ঠান বড় অঙ্কের ঋণ ও আর্থিক সংকটে পড়ে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ক্ষতিগ্রস্ত এসব প্রতিষ্ঠানকে কীভাবে আবার লাভজনক পর্যায়ে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন–এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
































