জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৩, ৩০ মে ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দিবসটি উপলক্ষে আট দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দিবসের শুরুতে সকাল ৬টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

রিজভী আরও জানান, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী এবং মানবিক কার্যক্রমের আয়োজন করবে। এছাড়া বিভিন্ন জেলায় দলের নেতাকর্মীরা স্থানীয়ভাবে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন।

তিনি বলেন, মাজার জিয়ারতের পর রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন আসনে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর অন্তত ১৬টি স্থানে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে পর্যায়ক্রমে অংশ নেবেন তারেক রহমান। এসব আয়োজনে মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

এদিকে সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন রুহুল কবির রিজভী।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজিত আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন।

শেয়ার করুনঃ
Advertisement