পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী জুরাইনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৬, ৩১ মে ২০২৬

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। অনেক জায়গায় পরিচ্ছন্নতা কার্যক্রম সন্তোষজনক হলেও এখনও কিছু এলাকায় বর্জ্য অপসারণের কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, “আমরা বিদেশের পরিচ্ছন্ন শহর ও সড়ক দেখে মুগ্ধ হই। কিন্তু সেই দেশগুলোর নাগরিকরাও পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন। আমাদেরও সেই মানসিকতা গড়ে তুলতে হবে।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। সামান্য আবর্জনাও সময়ের সঙ্গে বড় সমস্যায় পরিণত হতে পারে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ সহজ হবে এবং নগর পরিবেশও উন্নত হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন প্রতিকূল পরিবেশে কঠোর পরিশ্রম করেন। তাই তাদের কাজের প্রতি সম্মান দেখানো এবং সহযোগিতা করা নাগরিক দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, “শহর পরিচ্ছন্ন রাখতে এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার প্রয়োজন নেই। একজন সচেতন নাগরিক হিসেবেই প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করতে পারেন।”

দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দলের একার নয়; এটি দেশের কোটি মানুষের। তাই দেশের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় সকলের অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমেদ এবং আবদুস সালাম আহমেদ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement