শেরেবাংলা নগরে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী মানবিক কর্মসূচি শেষে বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল
Published : ০২:৩৬, ৩১ মে ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৬টি স্থানে পর্যায়ক্রমে উপস্থিত হয়ে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর সফরসূচির অন্তর্ভুক্ত স্থানগুলোর মধ্যে ছিল শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রোরেল স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন এবং ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিকেলে ধানমন্ডিতে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচি শেষ করেন।
এর আগে সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
একই দিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচিতেও অংশ নিয়ে দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় রাজধানীর গুলশান এভিনিউয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান জানান, মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
































