ধানমন্ডিতে এপেক্স শোরুমে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

ধানমন্ডিতে এপেক্স শোরুমে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুনঃ
Advertisement