মহাখালীতে পরিত্যক্ত সাত তলা ভবনে আগুন, ধানমন্ডিতেও অগ্নিকাণ্ড
Published : ১২:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সকালে ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট এলাকার এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে, সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে ছয় তলা একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।



























