অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান
Published : ১৬:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় এক অনন্য ইতিহাস গড়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশী নারী হিসেবে ডেপুটি মেয়রের গুরুদায়িত্ব পেলেন এলিজা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তাকে নতুন ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।
রাজনৈতিক পথচলা ও অর্জন
দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এলিজা আজাদ। পরবর্তী সময়ে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। গত ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার কাউন্সিলের দ্বিতীয় সর্বোচ্চ নীতিনির্ধারক ও ডেপুটি মেয়রের পদে আসীন হলেন তিনি।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা আজাদ জানান, দলীয় সমর্থনের পাশাপাশি অন্যান্য কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে স্থানীয় বাসিন্দাদের প্রতি তার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও অনেক বেড়ে গেল।
এলিজার পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের সুযোগ্য কন্যা।
প্রবাসী কমিউনিটিতে আনন্দের জোয়ার
এলিজা আজাদ প্রথম বাংলাদেশী নারী হিসেবে এই গৌরব অর্জন করায় সিডনির প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বইছে আনন্দের জোয়ার। সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমনসহ বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেছেন যে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসা এলিজার এই জোরালো অবস্থান প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি স্থানীয় এলাকার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত সুমন সাহা (কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল) এবং মাসুদ খলিল ও মাসুদ চৌধুরী (ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল) ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন বা করছেন। তবে নারী হিসেবে এই প্রথম কোনো বাংলাদেশী এই উচ্চ পর্যায়ে পৌঁছালেন।

































