বিএনপি ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণে ফিরে যাচ্ছে: সারজিস আলম

বিএনপি ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণে ফিরে যাচ্ছে: সারজিস আলম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতির পুরোনো রাজনীতিতে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলটি এই অবস্থান থেকে বেরিয়ে না এলে তাদের বিরুদ্ধে রাজপথের কর্মসূচি আরও কঠোর ও শক্তিশালী করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলার একটি মিলনায়তনে এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির তুলনা প্রসঙ্গে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফার্াক স্পষ্ট করে সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও বিএনপিকে পাশাপাশি রেখে তুলনা করবেন না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ভারতে গিয়ে তাদের দাফন হয়েছে।” তবে বিএনপির চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা এবং থানা ও অফিস দখলের মতো কর্মকাণ্ডের কঠোর সমালোচনা এনসিপি অব্যাহত রাখবে বলে জানান তিনি।

বিএনপির ছয় মাসের কার্যক্রম ও প্রশাসনের দলীয়করণের অভিযোগ
বিএনপির বর্তমান ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা সন্তুষ্ট নই। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেক জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে।”

তিনি আরও অভিযোগ করেন, ডিসি, এসপি, ওসি ও ইউএনওদের মতো প্রশাসনিক পদগুলোতে বিএনপির নেতারা নিজেদের দলীয় কার্যালয় থেকে প্রভাব বিস্তার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এছাড়া বিসিএস পরীক্ষার ভাইভায় নম্বর বাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রিলিমিনারি ও লিখিত ধাপে কিছুটা এদিক-সেদিক হলেও ভাইভায় নম্বর বাড়ানোর উদ্দেশ্য হলো দলীয় কোটায় পছন্দের প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া।

পুরোনো মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসার তাগিদ
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, এই পুরোনো চরিত্র, পুরোনো অভ্যস্ততা ও মনস্তত্ত্ব থেকে বেরিয়ে না এলে দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। দলটির এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে তাদের সরকারের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে এবং রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

সরকারি কর্মচারীদের প্রতি সততার আহ্বান
নতুন পে স্কেল বাড়ানোর উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানালেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দেন সারজিস আলম। তিনি বলেন, বর্তমান সময়ে আগের বেতন দিয়ে পরিবার চালানো কঠিন হওয়ায় জনগণের করের টাকায় বেতন বাড়ানো হয়েছে। তাই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এরপরও যদি টাকার বিনিময়ে দুর্নীতি বা অনিয়ম চলতে থাকে, তবে সাধারণ মানুষ রাস্তায় নেমে অফিস করতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান এবং আহ্বায়ক মো. মাকসুদুর রহমানের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement