মিরপুরে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Published : ১৪:০৭, ২৯ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও এমআরএ’র সভাপতি ফখরুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে দারুস সালাম থানা পুলিশের বিরুদ্ধে। এ সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বুধবার রাতে মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফখরুল ইসলাম।
তাঁর অভিযোগ, অফিস শেষে গন্তব্যে যাওয়ার পথে ডেল্টা মেডিকেল কলেজের সামনে ফুটপাত উচ্ছেদ অভিযান দেখতে পান তিনি। পরে মোটরসাইকেল থেকে নেমে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় পুলিশের এক সদস্য তাঁর পরিচয় জানতে চান। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পর তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ফখরুল ইসলাম জানান, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে জানালেও তিনি ফোনটি ফেরত দেননি। বরং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই কর্মকর্তা অনুমতি ছাড়া ভিডিও ধারণের কারণ জানতে চান এবং তিনি সাংবাদিকতা জানেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, কোনো অন্যায় করেননি উল্লেখ করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের গাড়ির চালক এসে তাঁকে ধাক্কা দেন বলেও অভিযোগ করেন তিনি।
পরে নিরাপত্তার স্বার্থে মোবাইল ফোন ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন ফখরুল ইসলাম।






























