পুলিশে ১৪ হাজার নতুন নিয়োগ, এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্ত
Published : ১১:০১, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এসআই পদে প্রথমবারের মতো শতভাগ সরাসরি নিয়োগ নিশ্চিত করতে পুলিশ প্রবিধান সংশোধন করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বর্তমান পুলিশ প্রবিধান অনুযায়ী, এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়। তবে এবার প্রবিধান সংশোধন করে চার হাজার এসআই পদেই সরাসরি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক ও শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন পদগুলো সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, প্রবিধান সংশোধনের মাধ্যমে আপাতত একবারের জন্য চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে ভবিষ্যতেও সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের একটি অংশের বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়া এবং স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো বিষয় বিবেচনায় নিয়ে পুলিশ বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্তে বিভাগীয় পদোন্নতির অপেক্ষায় থাকা পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে শূন্যতা পূরণে ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
নিয়োগের পর নতুন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কিছুটা কমানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কঠোর গোয়েন্দা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।
































