ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুপুর পর্যন্ত ৩০ শতাংশ ভোট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ১৫:২৫, ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত এ আসনে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে জানান তিনি।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রযুক্তিনির্ভর ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ লক্ষ্যে ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষাগারের সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান।
এর আগে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আট মাসের মেয়াদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও তাঁর গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।































