ঠাকুরগাঁও-১ আসনে আজ উপনির্বাচন, নিরাপত্তায় মোতায়েন ৫ হাজার ৩০০ সদস্য
Published : ১০:৪৩, ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভূল্লীতে ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে ১১৫টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টিকে মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাক)।
নির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিরাপত্তার জন্য ছয়টি মোবাইল টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. বেলাল হোসেন ও বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানিয়েছেন, ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
































