হরমুজ সংকট সমাধানে সৌদি-পাকিস্তানের সঙ্গে কাজ করছে তুরস্ক
Published : ১০:৫৭, ২৯ অক্টোবর ২০২৬
হরমুজ প্রণালি ও ইয়েমেনের সংকট কূটনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটের আওতায় কাজ করছে তুরস্ক। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তাঁর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের সঙ্গে আলোচনায় এরদোয়ান আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা।
এদিকে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালিসংক্রান্ত সংকট সমাধানে কাতারের মধ্যস্থতায়ও সমান্তরালভাবে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কাতারের মধ্যস্থতাকারীরা রোববার ইরানের কাছে একটি নতুন খসড়া চুক্তি উপস্থাপন করেছেন। চলতি সপ্তাহের শেষ নাগাদ তেহরান এ খসড়ার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে।
ওই কর্মকর্তা জানান, ইরান বর্তমানে যে নতুন খসড়াটি বিবেচনা করছে, তাতে তেহরান ও ওয়াশিংটনের উদ্বেগগুলো সমাধানের জন্য সাত দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির লক্ষ্যে প্রতিদিন উভয় পক্ষকে কী কী পদক্ষেপ নিতে হবে, তার একটি রূপরেখাও এতে তুলে ধরা হয়েছে।
কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই এই সময়সীমা কার্যকর হতে পারে। চুক্তিটির গ্যারান্টার হিসেবে কয়েকটি দেশ দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তান যৌথভাবে মধ্যস্থতার নেতৃত্ব দিচ্ছে। এই সংঘাত বৈশ্বিক নৌপরিবহন ও তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়েছে।


































