মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
Published : ১০:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) ভোটাভুটিতে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার পাঁচটি ব্যালন ডি’অরজয়ী মৌসুমের মধ্যে ২০০৮ সালের পারফরম্যান্সকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন ভক্তরা। উয়েফা ও ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর উদ্যোগে আয়োজিত এই ভোটের মাধ্যমে ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলোর মধ্যে কোনটি সর্বকালের সেরা, তা নির্ধারণ করা হয়।
এই ভোটের জন্য গত ১ অক্টোবর থেকে অনলাইন পোল চালু করা হয়েছিল। ভক্তরা প্রতিটি ভোটের জন্য ১ ইউরো বা ১৩৮ টাকা খরচ করে ইচ্ছামতো একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। গত মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ব্যালন ডি’অরের ওয়েবসাইটে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয়। আয়োজকেরা আগেই জানিয়েছিলেন, বিজয়ীর জন্য আলাদা কোনো ট্রফি দেওয়া হবে না।
এই প্রতিযোগিতায় অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন খেলোয়াড়দের মৌসুমগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। ভোটে দ্বিতীয় স্থান পেয়েছে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম। তালিকার শীর্ষ ১২টি অবস্থানজুড়েই রয়েছে মেসি ও রোনালদোর ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলো। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ২০০২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম রয়েছে ১৩তম স্থানে।
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ২০০৮ সালে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ২০০৭–০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পথে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২টি গোল করেন। ক্লাব ফুটবলে তাঁর সেই পারফরম্যান্সই এবার ভক্তদের ভোটে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম হিসেবে নির্বাচিত হয়েছে।
অন্যদিকে মেসির ২০১১–১২ মৌসুমটিও ছিল রেকর্ডে ভরা। ওই সময়ে এক পঞ্জিকাবর্ষে গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ছাড়িয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেন আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার হয়ে তিনি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। মৌসুম শেষে ২০১২ সালে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর হাতে ওঠে মেসির।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, ভোটে রোনালদো পেয়েছেন ৪৪৬ পয়েন্ট, আর মেসির সংগ্রহ ২৮১ পয়েন্ট। ফলে দুই তারকার মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৬৫ পয়েন্টে।
এই ভোটাভুটিতে একাধিকবার ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন আটবারের বিজয়ী লিওনেল মেসি, পাঁচবারের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, তিনবার করে পুরস্কারজয়ী ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও কার্ল-হেইঞ্জ রুমেনিগে। এ ছাড়া ছিলেন দুইবার করে ব্যালন ডি’অরজয়ী রোনালদো নাজারিও, কেভিন কিগান এবং আলফ্রেড ডি স্টেফানো।
তবে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ ভোট নিয়ে এর আগে জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নাকচ করে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট জানায়, মাত্র ৫,০০০৯ জন ব্যবহারকারী একাধিকবার ভোট দিয়েছেন বলে তাদের হিসাবে উঠে এসেছে। এর মধ্যে ৪৪ জন ব্যবহারকারী ১০ থেকে ২৬টি, ৩০০ জন ৫ থেকে ৯টি এবং ৪ হাজার ৬৬৫ জন ব্যবহারকারী ২ থেকে ৪টি ভোট দিয়েছেন বলে জানানো হয়।


































