টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১০:৪৯, ২৯ অক্টোবর ২০২৬
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া পৌঁছে তিনি কারখানাটি ঘুরে দেখেন।
টয়োটার মোটোমাচি কারখানা জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার অন্যতম নিদর্শন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের শিল্প-অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
কারখানা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে। এ ছাড়া টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে একটি মধ্যাহ্নভোজেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
জাপানের উন্নত উৎপাদনব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ও শিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা এ সফরের অন্যতম লক্ষ্য।
চার দিনের জাপান সফর শেষে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।





























