তাহসিফের মৃত্যু: বাবার মামলা, বন্ধু দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর
Published : ১০:৫৮, ৩১ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তরখান থানায় মামলা করেছেন তাঁর বাবা এনায়েতুল করিম। এদিকে, তাহসিফের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানোর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) পিবিআই সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে আগ্রহ না থাকায় এ ঘটনায় নৌ পুলিশ অপমৃত্যুর মামলা করবে বলে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজ হওয়ার আগে তাহসিফ ও দীপ প্রায় ছয় ঘণ্টা একসঙ্গে ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তাহসিফের নিখোঁজ হওয়া থেকে শুরু করে তাঁর মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত কী ঘটেছিল, তা জানার জন্য দীপের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় পিবিআই।
































