দেশের প্রথম পূর্ণাঙ্গ এআই সিনেমা ‘গ্যাপ’ পেল সেন্সর ছাড়পত্র
Published : ১১:১১, ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের চলচ্চিত্রে নতুন প্রযুক্তির সংযোজন হিসেবে আসছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্য কর্তন ছাড়াই প্রদর্শনের অনুমতি পেয়েছে। সিনেমাটি দেখে বোর্ডের সদস্যরাও প্রশংসা করেছেন।
ছবিটিতে অভিনয় ও ভিজ্যুয়াল নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলম।
পরিচালক মাবরুর রশিদ বান্নাহর ভাষ্য, ‘গ্যাপ’ প্রচলিত চলচ্চিত্র নির্মাণের বাইরে গিয়ে বাংলা সিনেমায় একটি নতুন ও সাহসী উদ্যোগ। সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে সিনেমা তৈরির পরিকল্পনা শুরুতে অনেকের কাছে অসম্ভব মনে হলেও নির্মাণসংশ্লিষ্টরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক মানের এআই টুল ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টায় ছবির প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে। কোনো দৃশ্য বাদ না দিয়েই সার্টিফিকেশন পাওয়াকে পুরো দলের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন তিনি। তাঁর প্রত্যাশা, সীমিত বাজেট ও জনবল দিয়েও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব—এটি ‘গ্যাপ’-এর মাধ্যমে প্রমাণিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত এবং ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নির্মিত সিনেমাটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


































