টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৭, ৩০ অক্টোবর ২০২৬

রাজধানী ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ কমিউনিটি, জাপান আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব

প্রধানমন্ত্রী বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। বিপরীতে ঢাকার বিভিন্ন স্থানে যত্রতত্র বর্জ্য জমে থাকে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি।

তিনি বলেন, জমে থাকা বর্জ্য থেকে জীবাণু ও রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সঠিকভাবে বর্জ্য সংগ্রহ ও অপসারণ নিশ্চিত করতে হবে।

বায়ুদূষণ রোধ ও বৃক্ষরোপণ
পরিবেশের উন্নয়ন, বায়ুদূষণ কমানো এবং দেশের বিভিন্ন স্থানে গাছ লাগানোর ওপর সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মানুষ যেন ময়লা-আবর্জনার কারণে স্বাভাবিক চলাচলে বাধার মুখে না পড়ে এবং দূষিত বাতাসের কারণে অসুস্থ না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করা সম্ভব হলে তা দেশের জন্য একটি বড় অর্জন হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংস্কারের সুফল পৌঁছাতে চান প্রান্তিক মানুষের কাছে
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজের খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন।

তিনি বলেন, সংস্কারের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হওয়া উচিত। রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশাচালক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রবাসীদের সহযোগিতা কামনা
দেশ গঠন ও সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে আমাদের সমর্থন দিন, যাতে সেগুলো বাস্তবায়ন করা যায়।”

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শিশুশিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে একটি আলোকচিত্র উপহার দেওয়া হয়।

 
শেয়ার করুনঃ
Advertisement