আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
Published : ১১:০৮, ৩১ অক্টোবর ২০২৬
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজাল্ট কর্নার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠান পরিচিতি নম্বর) ব্যবহার করে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করা যাবে।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বার্তায় পরীক্ষার নাম, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহ করা যাবে না।
পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের কথা জানানো হয়েছিল। পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ২৭ অক্টোবর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অনুপস্থিতও ছিলেন।
































