নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন নির্ধারণে নতুন নিয়ম
Published : ১৬:৫৪, ২৯ অক্টোবর ২০২৬
নতুন জাতীয় বেতন স্কেল বা নবম পে-স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। এ ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ সালের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে। অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়ম ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকারের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।
১ জুলাই ২০২৬-এর আগে নিয়োগপ্রাপ্তদের বেতন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব ব্যক্তির চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুসারে তারা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। চুক্তি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতাও দেওয়া হবে।
১ জুলাইয়ের পর নিয়োগপ্রাপ্তদের বেতন
১ জুলাই ২০২৬-এর পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের বেতন নির্ধারণে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনা করা হবে। নতুন বেতন স্কেলে ওই গ্রেড ও ধাপের বেতন অনুযায়ী চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করতে হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।
চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন—কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক—এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না।
ইনক্রিমেন্ট, আনুতোষিক ও বর্ধিত পেনশন নেই
চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রতিটি নিয়োগের যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনা করে বেতন-ভাতা এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয় করে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনা বহাল থাকবে। বেতন-ভাতা বিষয়ে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলোও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।




























