ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাদের ওপর নজরদারি

ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাদের ওপর নজরদারি ছবি: সংগ্রহীত

বিজনেস ডেইলি অনলাইন

Published : ১৪:০২, ২৭ নভেম্বর ২০২৬

ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে বাহিনীর ভেতরে থাকা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপরও কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি বিরূপ মন্তব্য ও অডিও ফাঁসের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম। এর আগে ২৪ নভেম্বর এএসপি আবুল হোসেন এবং পরদিন এএসপি রাকিবুল হাসান ও এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন।

এ ছাড়া রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহিনীর কয়েকজন কর্মকর্তাকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী, গুটিকয়েক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছে। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত তিন থেকে চারজনকে আটক করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি ঘিরেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কামারুম মুনিরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসেম্বর ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথা জানার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ নিয়ে নানা ধরনের গুঞ্জনও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান ও সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী সব জেলার ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলো পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।

ডিসেম্বরজুড়ে সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সীমান্ত এলাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement