রাজধানীর বাজারে সবজি, চাল, তেল ও মাছের দাম বেড়েছে

রাজধানীর বাজারে সবজি, চাল, তেল ও মাছের দাম বেড়েছে ছবি: সংগ্রহীত

মোঃ দেলোয়ার হোসেন

Published : ১৬:০৯, ২৭ নভেম্বর ২০২৬

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। ফলে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। একই সঙ্গে চাল, সয়াবিন তেল ও মাছের দামও বেড়েছে। তবে গত ১৫ দিনের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম।

এদিকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়ানো হলেও বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। অধিকাংশ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো দোকানে আবার আগের দামেই বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, হাইব্রিড শসা ১০০ টাকা এবং দেশি শসা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শিমের কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকা।

অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি মুলা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচু ১০০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ টাকা, শালগম ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি লাউয়ের দাম ৯০ টাকা। মাঝারি আকারের ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচকলা কিনতে গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

সবজির বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাড্ডার একটি বাজারে বেসরকারি চাকরিজীবী মোনায়েম নাইম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমেছিল। কিন্তু এখন আবার বেড়েছে। পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম বেশি। কোনো কোনো সবজি কেজিপ্রতি ১০০ টাকারও ওপরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় এক কেজির বদলে আধা কেজি করে সবজি কিনতে হয়েছে।

রামপুরা বাজারের ক্রেতা ইমরান বলেন, শীতের মৌসুম শুরু হলে সাধারণত সবজির দাম কমে আসে। অথচ এখনো বাজারে বেশির ভাগ সবজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে।

সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মালিবাগ বাজারের বিক্রেতা রাফসান বলেন, কয়েক দিন আগে হঠাৎ বৃষ্টিতে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দামও কমে আসবে।

মাছের বাজারেও বাড়তি দাম
রাজধানীর মাছের বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। প্রতি কেজি তেলাপিয়া ২৩০ টাকা, চাষের কই ২৮০ টাকা, বায়লা ৩২০ টাকা, ছোট পাঙাশ ২০০ টাকা এবং বড় পাঙাশ ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে খরচ হচ্ছে কেজিপ্রতি অন্তত ৫০০ টাকা।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, শোল ৬০০ টাকা, টেংরা ৫৪০ টাকা, পাবদা ৩৮০ টাকা, চাষের শিং ৩০০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা আবু কালাম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্য দেখা যায়। তবে গত সপ্তাহের তুলনায় এবার মাছের দামে বড় কোনো পরিবর্তন হয়নি। দাম বাড়লে ক্রেতার পাশাপাশি বিক্রেতাদেরও সমস্যায় পড়তে হয়। কারণ, বেশি দামে মাছ কিনতে হলে বাড়তি পুঁজি প্রয়োজন হয়।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছ প্রতি কেজি ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সামুদ্রিক পাঙাশের কেজি ১ হাজার ২০০ টাকা।

মাংস ও ডিমের বাজার
গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। রাজধানীর রায়ের বাজারের রবিন মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা।

সব মিলিয়ে চাল, তেল, সবজি ও মাছের বাড়তি দামে চাপে পড়েছেন রাজধানীর সাধারণ ক্রেতারা। বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিনের বাজার সামলানো কঠিন হয়ে উঠছে।

শেয়ার করুনঃ
Advertisement